"নাটোরের বড়াইগ্রামে শিক্ষার মানোন্নয়ন সভায় নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজ জানিয়েছেন, দাবি আদায়ে শিক্ষকদের আর রাস্তায় নামতে হবে না। সরকার ইতোমধ্যে উৎসব ভাতা ১০% বাড়িয়েছে।"
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১৬:৩৩
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ বলেছেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকারের আমলে শিক্ষকদের কোনো যৌক্তিক দাবি পূরণের জন্য আর রাজপথে নামতে হবে না। অতীতের মতো তাদের আর পুলিশের লাঠিচার্জ বা হয়রানির শিকার হতে হবে না। এর প্রমাণস্বরূপ সরকার ইতোমধ্যেই শিক্ষকদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধি করেছে।
এমপি আব্দুল আজিজ বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, "অটোপাস প্রথা আর আজগুবি কারিকুলাম চাপিয়ে দিয়ে আগের সরকার আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আপনারা এখন শুধু মানসম্মত শিক্ষা নিশ্চিত করে একটি সুশিক্ষিত ও আদর্শ জাতি গঠনে আত্মনিয়োগ করুন, আপনাদের সব যৌক্তিক চাওয়া-পাওয়া এই সরকার পূরণ করবে।"
বড়াইগ্রাম উপজেলার সকল স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং অ্যাকাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন, বনপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম লুৎফর রহমান, অধ্যক্ষ ইসাহাক আলী, অধ্যক্ষ মাওলানা আকমল হোসেন, প্রধান শিক্ষক রেজাউল করিম এবং প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যের শেষাংশে প্রধান অতিথি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, "শহীদ আবু সাঈদসহ দেড় হাজারেরও বেশি তাজা প্রাণ, শত শত ছাত্র-জনতার পঙ্গুত্ব এবং পাঁচ শতাধিক মানুষের অন্ধত্বের বিনিময়ে আমরা এই ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ অর্জন করেছি। এই দেশ আমাদের সবার। আমরা সংখ্যালঘু বা সংখ্যাগুরু— এমন কোনো ভেদাভেদে বিশ্বাস করি না। সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।"
