গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা:
প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১০
গুরুদাসপুরে ওসির সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবি: অভিযুক্ত যুবদল নেতা
খোদ পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই এক হাট ইজারাদারের কাছে মোটা অঙ্কের চাঁদা চাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে নাটোরের গুরুদাসপুরে। নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে খোদ ইউএনও কার্যালয়ের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
কী ঘটেছিল সেদিন? ভুক্তভোগী ওবায়দুল ইসলাম তপু সদ্য নাজিরপুর নতুন হাটের ইজারা পেয়েছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে হাট-বাজার ইজারা সংক্রান্ত একটি দাপ্তরিক বৈঠক ছিল। ওই বৈঠকে অংশ নিয়ে দরপত্রের মাধ্যমে তিনি হাটের ইজারা পান। কিন্তু কাজ শেষে ইউএনও কক্ষ থেকে বের হতেই বিপত্তি ঘটে।
সেখানে উপস্থিত যুবদল নেতা রাজা তার গতিরোধ করেন। তপুর অভিযোগ, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং প্রশাসনের অন্যান্য পদস্থ ব্যক্তিদের সামনেই রাজা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে বসেন।
হুমকি ও নিরাপত্তা নিয়ে শঙ্কা: ভুক্তভোগী ইজারাদার জানান, দাবিকৃত এই বিপুল অংকের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার এবং হাত-পা ভেঙে দেওয়ার সরাসরি হুমকি দেন ওই নেতা। প্রকাশ্য দিবালোকে এবং খোদ প্রশাসনের সামনে এমন ঘটনার পর তিনি নিজের প্রাণনাশের আশঙ্কা করছেন।
সরকারি দপ্তরের সামনে এমন প্রকাশ্য চাঁদাবাজির চেষ্টার খবরে ওই এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
