অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে অনুষ্ঠিত সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ক গণভোটের ফলাফলে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান সংস্কারের এই গণরায়ে ‘হ্যাঁ’ ও ‘না’ উভয় ভোটই উল্লেখযোগ্য হারে কমেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের এক সংশোধিত গেজেটের মাধ্যমে এই পরিবর্তনের তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সংশোধিত ফলাফলের পরিসংখ্যান:
ইসির নতুন গেজেট অনুযায়ী, পূর্বের ঘোষিত ফলাফলের তুলনায় প্রধান দুই ক্যাটাগরিতেই ভোট হ্রাস পেয়েছে:
‘হ্যাঁ’ ভোট: আগের চেয়ে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি কমে এখন দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টিতে।
‘না’ ভোট: ১ লাখ ১১ হাজার ৪৯৫টি কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টিতে।
বাতিল ভোট: বৈধ ভোট কমলেও বাতিল হওয়া ভোটের সংখ্যা ১২ হাজার ৫৫৯টি বেড়েছে, যা এখন ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি।
সার্বিক চিত্র:
সংশোধিত হিসাব অনুযায়ী, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমেছে। বর্তমানে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি এবং মোট বৈধ ভোটের সংখ্যা ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১টি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই গণভোটের প্রথম ফলাফল ১৩ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল। দীর্ঘ তদন্ত বা পুনরায় যাচাইয়ের পর ইসি এখন এই সংশোধনী আনলো, যদিও এর সুনির্দিষ্ট কারণ কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা করা হয়নি।
