মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী, আজই নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে

  "রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য তাকে আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।"

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ছবি: পিএমও / সংগৃহীত

 হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর হাসপাতালে গিয়ে তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসাধীন মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। তখন হাসপাতালে মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে তাকে ভর্তি করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।