পুলিশের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল: নতুন ডিজি পেল র‍্যাব, সিআইডি ও এসবি

 "বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল করেছে সরকার। র‍্যাব, সিআইডি ও এসবি প্রধানসহ অতিরিক্ত আইজিপি এবং ডিআইজি পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।"

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২২:৪৫

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন ইউনিট— র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান পদে নতুন মুখ আনা হয়েছে। সব মিলিয়ে অতিরিক্ত আইজিপি এবং ডিআইজি পদমর্যাদার আটজন শীর্ষ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এই আদেশ জারি করা হয়।

শীর্ষ তিন ইউনিটে যারা দায়িত্ব পেলেন: প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়েছেন এবং তাকে র‍্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে বদলি করে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপির দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সিআইডির বর্তমান প্রধান (অতিরিক্ত আইজিপি) মো. ছিগবাত উল্লাহকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ, যিনি এখন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম ও অন্যান্য পদে রদবদল: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজকে বদলি করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজিপি করা হয়েছে। আর সিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলী।

এছাড়া এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরে কর্মরত ডিআইজি মো. আশরাফুর রহমানকে একই দপ্তরে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

পাশাপাশি, অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানকে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে খাগড়াছড়ি, মাগুরা এবং মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার।