অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১০
![]() |
| ছবি: সংগৃহীত |
সংবিধান সংস্কার পরিষদ গঠন করা না হলে জাতীয় সংসদে কথা বলার মতো কোনো পরিবেশ থাকবে না বলে কঠোর মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, জনগণের দাবি অনুযায়ী যদি সংবিধান সংস্কার না হয়, তবে তারা রাজপথে নেমে আন্দোলন গড়ে তুলবেন। তিনি আরও উল্লেখ করেন যে, চব্বিশের গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল কেবল সরকারের পরিবর্তন নয়, বরং সামগ্রিক স্বৈরাচারী কাঠামোর আমূল পরিবর্তন। সাধারণ মানুষ রক্তের বিনিময়ে অভ্যুত্থান সফল করলেও বর্তমানে তার সুফল ভোগ করছে বিভিন্ন রাজনৈতিক দল—এমন অভিযোগও তোলেন তিনি।
জুলাই বিপ্লবে আহত ও শহীদদের বিচারের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাইয়ের যোদ্ধাদের ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। এছাড়া চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পদক্ষেপে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে ঋণখেলাপীদের পুনর্বাসন করার অভিযোগ আনেন বিরোধী দলীয় এই চিফ হুইপ।
