"স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল করে মেধা যাচাইয়ের জন্য পুনরায় ভর্তি পরীক্ষা চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।"
নিজস্ব প্রতিবেদক প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২২:৪৫
![]() |
| ছবি: সংগৃহীত |
ঢাকা: দেশব্যাপী সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল করার ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে লটারির ভাগ্য নয়, মেধা যাচাইয়ের জন্য ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের স্কুলে ভর্তির সুযোগ পেতে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
কোচিং বাণিজ্য ও পরীক্ষার ধরন: ভর্তি পরীক্ষা পুনরায় চালু হলে কোচিং বাণিজ্য আবার মাথাচাড়া দিয়ে উঠবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "কোচিং বাণিজ্যের লাগাম আমরা শক্তভাবে টেনে ধরব।"
ভর্তি পরীক্ষার ধরন নিয়ে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, "পরীক্ষা খুব সহজ ও স্বাভাবিক পদ্ধতিতে নেওয়া হবে। প্রথম শ্রেণির (ক্লাস ওয়ান) শিক্ষার্থীদের ওপর এমন কোনো অহেতুক প্রতিযোগিতা চাপিয়ে দেওয়া হবে না, যা তাদের বয়সের জন্য উপযুক্ত নয়।"
শিক্ষামন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, "আমরা প্রাথমিকের একেবারে প্রথম ধাপে কারও কোনো পরীক্ষা নেব না। এরপর পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
লটারি নিয়ে মন্ত্রীর মন্তব্য: লটারি পদ্ধতি বাতিলের যৌক্তিকতা তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, "একটি সুস্থ, স্বাভাবিক ও মেধাভিত্তিক শিক্ষাব্যবস্থায় লটারি নামক কোনো পদ্ধতি থাকতে পারে না।"
