"মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সঙ্কট মোকাবিলায় সরকারকে দ্রুত বিকল্প উৎস খোঁজা এবং জ্বালানি পাচার ও সিন্ডিকেট রোধে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।"
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ০৭ মার্চ ২০২৬
![]() |
| ছবি: সংগৃহীত |
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সৃষ্ট জ্বালানি সঙ্কট সামাল দিতে সরকারকে জরুরি ভিত্তিতে বিকল্প জ্বালানির উৎস খোঁজার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে জ্বালানি সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। বিশ্ব পরিস্থিতি আগামী দিনগুলোতেও একই রকম থাকলে তা দেশের মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি মন্তব্য করেন। এই পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সরকারকে দ্রুত বিকল্প জ্বালানির উৎস খুঁজে বের করার এবং জরুরি ভিত্তিতে একটি বাস্তবসম্মত সমাধান গ্রহণের কথা বলেন তিনি।
সঙ্কটের এই সুযোগে যেন নতুন কোনো চক্র তৈরি হতে না পারে, সে বিষয়ে সতর্ক করে জামায়াত আমির লেখেন, এই সময়ে যাতে নতুন কোনো সিন্ডিকেট গড়ে উঠতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের কোথাও দিয়ে যেন জ্বালানি তেল পাচার না হতে পারে, সে বিষয়েও কঠোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
