"আন্তর্জাতিক কিছু চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে বিগত অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা করেনি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।"
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২০:০৫
ঢাকা: বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন দেশের সাথে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হলেও, সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো প্রকার আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, দেশে সংসদ না থাকার কারণে জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার যেভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ ও মতবিনিময় করেছে, আন্তর্জাতিক চুক্তির মতো সংবেদনশীল ও অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও ঠিক একইভাবে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এ বিষয়ে দলটির পক্ষ থেকে বহুবার দাবি জানানো হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
জামায়াত আমির ক্ষোভ প্রকাশ করে লেখেন, "তৎকালীন সরকার আমাদের সেই যৌক্তিক দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব, এ বিষয়ে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা বা বিভ্রান্তি তৈরি করার সুযোগ নেই।"
