"পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলা ও ৪টি পৌরসভায় দুই লাখের বেশি অসহায় পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল দেওয়া হচ্ছে।"
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : বুধবার, ১১ মার্চ ২০২৬, ১৯:৪৫
![]() |
| ছবি: সংগৃহীত |
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভায় দুই লাখের বেশি অসহায় পরিবারকে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় চাল দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে জেলার মোট ২ লাখ ৬ হাজার ৮৫৮টি পরিবার সরকারের এই ঈদ উপহার পাবে।
বরাদ্দের বিস্তারিত: জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা জানিয়েছে, এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হবে। এ জন্য জেলায় সর্বমোট ২ হাজার ৬৮ দশমিক ৫৮০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভাগুলোতে বরাদ্দের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।
জনসংখ্যার ভিত্তিতে বরাদ্দের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলা। এই উপজেলায় ৭৩ হাজার ৮৫৫টি পরিবারের জন্য ৭৩৮ দশমিক ৫৫০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এছাড়া জেলা সদরে ৫৪ হাজার ৮৬৩টি, গোমস্তাপুরে ৩৩ হাজার ৮১১টি, নাচোলে ১৭ হাজার ৪৯২টি এবং ভোলাহাট উপজেলায় ৯ হাজার ৮৭৭টি পরিবার এই সুবিধার আওতায় আসছে। পৌর এলাকাগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও রহনপুর পৌরসভার প্রতিটিতে ৪ হাজার ৬২৫টি করে এবং নাচোল পৌরসভায় ৩ হাজার ৮৫টি পরিবারকে ভিজিএফ কার্ডের বিপরীতে এই চাল দেওয়া হবে।
সুবিধাভোগী নির্বাচনে কড়াকড়ি: প্রশাসন জানিয়েছে, ভিজিএফ সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে সরকারের ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-২০১৩’ কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। নির্দেশিকা অনুযায়ী— যাদের বসতভিটা ছাড়া আবাদি জমি নেই, যারা দিনমজুরি বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল এবং যেসব পরিবারে উপার্জনক্ষম কোনো পুরুষ সদস্য নেই, তারা তালিকায় অগ্রাধিকার পাবেন। এছাড়া সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও এই সহায়তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশাসনের বক্তব্য: এ বিষয়ে জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের এই বিশেষ বরাদ্দ যেন প্রকৃত দুস্থদের হাতেই পৌঁছায়, তা নিশ্চিত করা হবে। স্থানীয় সরকারি খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে যথাযথভাবে বিতরণের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
